আইন-আদালত

সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলা: বাবর ও আরিফুল হক চৌধুরী খালাস

সিলেট, ২৫ জুন – সুনামগঞ্জের দিরাইয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের রাজনৈতিক জনসভায় গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গৌছসহ মামলার সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় প্রদান করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায় যে, ২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা দিরাই বাজারে একটি সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সুরঞ্জিত সেনগুপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় বিস্ফোরণ ঘটলে যুবলীগের এক কর্মী নিহত হন এবং ২৯ জন আহত হন।

এই ঘটনায় দিরাই থানায় মামলা দায়ের করা হয়েছিল এবং পরবর্তীতে ২০২০ সালে লুৎফুজ্জামান বাবরসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এবং ১২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এই সিদ্ধান্ত জানান।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language