৪৩তম বিসিএস নন-ক্যাডার: ৬০ দিনের মধ্যে পুনরায় ফল প্রকাশের নির্দেশ হাইকোর্টের

ঢাকা, ২৫ জুন – ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। শুনানি শেষে তিনি গণমাধ্যমকে জানান, ৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়াটি আইন অনুযায়ী পরিচালিত হয়নি বলে আদালত পর্যবেক্ষণ করেছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, এই নিয়োগে স্বচ্ছতার অভাব ছিল এবং মেধা তালিকার সঠিক প্রতিফলন ঘটেনি। আইনি নিয়ম অনুসরণ না করায় আদালত এই নিয়োগ প্রক্রিয়া পুনরায় সম্পন্ন করার আদেশ দিয়েছেন এবং আগামী ৬০ দিনের মধ্যে একটি স্বচ্ছ মেধা তালিকা প্রকাশের নির্দেশনা প্রদান করেছেন।
ইতিপূর্বে ৪৫৫ জন বিএসএস নন-ক্যাডার প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ এনে উচ্চ আদালতে এই রিটটি দায়ের করেছিলেন। আজকের এই আদেশের ফলে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
এস এম/ ২৫ জুন ২০২৬









