জাতীয়

এআই ট্রাফিক সিগন্যাল ফাঁকি দিতে নম্বরপ্লেট গোপন: এক মাসের কারাদণ্ড

ঢাকা, ২ জুন – রাজধানীর স্বয়ংক্রিয় এআইভিত্তিক ট্রাফিক সিগন্যাল নজরদারি ব্যবস্থা ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বরপ্লেটের তিনটি ডিজিট ঢেকে চলাচলের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লাভলু হক (৩৮)।

তিনি লালবাগ এলাকার বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান।

তিনি বলেন, গত ১৯ মে এক মোটরসাইকেল চালক নম্বরপ্লেটের আংশিক ঢেকে সড়কে চলাচল করেন। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গত ২১ মে বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ এটিকে গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করে। আনিছুর রহমান জানান, ছবিতে চালকের মুখ স্পষ্ট না থাকায় তাকে শনাক্ত করা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং।

তদন্তকারীরা রাজধানীর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন এবং একই ধরনের মোটরসাইকেল শনাক্তের চেষ্টা করেন। পরে প্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর অভিযুক্ত লাভলু হককে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। ডিএমপির এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর ব্যাপক সহযোগিতা পাওয়া যাচ্ছে।

অনেক ক্ষেত্রে চালকরা স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলছেন। তবে কেউ যদি প্রযুক্তিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ডিএমপির প্রযুক্তিগত সক্ষমতা এখন অনেক বেড়েছে এবং যেকোনো ধরনের জালিয়াতি শনাক্ত করা সম্ভব।

পুলিশ সদস্যদের নাগরিকদের সাথে সৌজন্যমূলক আচরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, অপরাধ উদঘাটনে সিসিটিভি ফুটেজ ও কারিগরি দক্ষতা এখন পুলিশের বড় শক্তি। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এস এম/ ২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language