পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: ১৪০০ লিটার জ্বালানি তেলসহ দুটি বোট জব্দ

চট্টগ্রাম, ২ জুন – চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার বিকেলে পতেঙ্গা ৯ নম্বর ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৪০০ লিটার তেল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে,
জব্দ হওয়া এই তেলের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৬১ হাজার টাকা। মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত জানানো হয়। কোস্ট গার্ড জানায়, অভিযানে দুটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে রাখা এই জ্বালানি তেলগুলো উদ্ধার করা হয়।
তবে অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা জ্বালানি তেল ও বোটগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।
চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের এ ধরনের নজরদারি এবং অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ২ জুন ২০২৬









