ভোলার বোরহানউদ্দিনে ঈদের দিন গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা, ২৯ মে – ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঈদের দিন একটি ভাড়া বাসা থেকে সুমি বেগম নামের ৩০ বছর বয়সী এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের মাহি ভিলা নামক একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমি বেগমের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী এলাকায় বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমি বেগম তার স্বামী উজ্জলের সাথে ওই বাসায় ভাড়া থাকতেন। উজ্জল স্থানীয় একটি মেলায় ব্যবসার কাজে বাসার বাইরে ছিলেন। বিকেলে বাসায় ফিরে স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি অবহিত করেন।
পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচানো অবস্থায় সুমি বেগমকে ঝুলতে দেখা যায়। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, পুলিশ মরদেহটির সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের লক্ষ্যে মরদেহটি ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এস এম/ ২৯ মে ২০২৬









