ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ভোলা, ৯ এপ্রিল – ভোলা ও চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনায় বাসের যাত্রীদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কেরামতগঞ্জ বাজারের কাছাকাছি একটি মোড়ে পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় সাধারণ মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের সামনের ও পেছনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরে যাত্রীরা বিকল্প যানবাহনে নিজেদের গন্তব্যে চলে যান।
অন্যদিকে বাসের ভেতরে আটকে পড়া চালককে প্রায় আধা ঘণ্টার টানা চেষ্টায় উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরপর তাকে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন প্রাথমিক তদন্তে বাস চালকের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীরা নিরাপদ থাকলেও চালক মারাত্মকভাবে আহত হয়েছেন। তিনি অজ্ঞান থাকায় তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য ওই চালককে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এনএন/ ৯ এপ্রিল ২০২৬









