ভোলার বোরহানউদ্দিনে দুই মাসের কন্যা শিশু উদ্ধার, পরিবারের সন্ধানে প্রশাসন

ভোলা, ২৭ মে – ভোলার বোরহানউদ্দিন উপজেলায় একটি আবাসিক এলাকার গলি থেকে দুই মাস বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের সরকারি আব্দুল জব্বার কলেজের সম্মুখস্থ একটি গলিতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা শিশুটিকে সেখানে ফেলে রেখে যান বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতে হঠাৎ একটি শিশুর কান্নার শব্দ শুনে তারা গলির ভেতরে এগিয়ে যান। সেখানে শিশুটিকে পড়ে থাকতে দেখে তারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেন। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
শিশুটির পরিবারের পরিচয় শনাক্ত এবং কারা তাকে এখানে ফেলে গেছে তা খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, শিশুটি বর্তমানে নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা প্রদান করা হচ্ছে। পরিবারের সন্ধান পাওয়া না গেলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এস এম/ ২৭ মে ২০২৬









