লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ১৬৮ বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক এসব বাংলাদেশিকে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ কাজে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করেছে।
ফেরত আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় অনিয়মিতভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা অভ্যর্থনা জানান। এ সময় জনসচেতনতা বাড়াতে লিবিয়ায় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়।
আইওএমের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পথখরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।
এস এম/ ১৫ সেপ্টেম্বর ২০২৬







