মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি কার্যকর হওয়ার এক মাস পর হরমুজ প্রণালি উন্মুক্ত করবে ইরান

তেহরান, ২৬ মে – যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত শান্তিচুক্তি স্বাক্ষরের ৩০ দিন পর আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইরান। জাপানি সংবাদমাধ্যম নিক্কি এশিয়ার এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়,

শান্তিচুক্তি কার্যকর হওয়ার এক মাস পর হরমুজ প্রণালিতে পেতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ শুরু করবে ইরানের প্রতিরক্ষা বাহিনী। এর ফলে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচলের দীর্ঘদিনের সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে,

শান্তিচুক্তির শর্তাবলি নিয়ে আলোচনার জন্য উভয় পক্ষ বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালিটি বিশ্ব বাণিজ্যে কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক পঞ্চমাংশ এই জলপথ ব্যবহার করে পরিবাহিত হয়। উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। এই অবরোধকে কার্যকর করতে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি প্রণালির বিভিন্ন পয়েন্টে সামুদ্রিক মাইন স্থাপন করে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অনুমান অনুযায়ী, আইআরজিসি সেখানে অন্তত এক ডজনের বেশি মাইন পেতে রেখেছে। এই অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হয়, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করে।

টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করলেও ইরান অবরোধ প্রত্যাহার না করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছিলেন। মার্কিন নৌবাহিনী মাইনগুলো সরানোর চেষ্টা করলেও মাইনগুলোর সঠিক অবস্থান গোপন থাকায় সেই প্রচেষ্টা সফল হয়নি।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language