হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল অপরিবর্তিত

তেহরান, ৫ আগস্ট – মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই সামুদ্রিক পথ হরমুজ প্রণালি এবং বাব আল-মান্দেব দিয়ে মঙ্গলবার জাহাজের যাতায়াত আগের দিনের মতোই প্রায় অপরিবর্তিত ছিল। শিপিং ডেটা সংস্থা কপ্লার এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে পাঁচটি ট্যাঙ্কার এবং তিনটি বাল্ক ক্যারিয়ারসহ মোট আটটি জাহাজ চলাচল করেছে।
এর মধ্যে ছয়টি জাহাজ প্রবেশ করছিল এবং দুটি জাহাজ প্রণালি থেকে বের হচ্ছিল। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি উদ্ভূত পরিস্থিতিতে ইরান এই পথটি বন্ধ করে দেওয়ার আগে প্রতিদিন গড়ে ১৩০ থেকে ১৪০টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করত।
এর মধ্যেই আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির নিয়ন্ত্রণাধীন মুবারাজ নামের একটি এলএনজি ট্যাঙ্কারকে আবারও হরমুজ প্রণালির বাইরে দেখা গেছে। ট্র্যাকিং উপাত্ত অনুযায়ী, জাহাজটি বর্তমানে ভারতের পশ্চিম উপকূলে অবস্থান করছে এবং গুজরাটের দাহেজ টার্মিনালে পণ্য খালাসের কথা রয়েছে।
অন্যদিকে, বাব আল-মান্দেব প্রণালিতে মঙ্গলবার মোট ২০টি জাহাজ যাতায়াত করেছে যার মধ্যে ১০টি প্রবেশ ও ১০টি বহির্গমন জাহাজ ছিল।
কাতার জানিয়েছে যে, বিদ্যমান সংকট নিরসনে মধ্যস্থতাকারীরা অগ্রগতির দিকে এগোচ্ছে যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করে তেহরান জানিয়েছে যে, আলোচনা এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।
এস এম/ ৫ আগস্ট ২০২৬









