দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চলে ২০ মিনিটে অন্তত সাতটি বিস্ফোরণ

আবুধাবি, ৫ আগস্ট – সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে শহরের দক্ষিণাঞ্চলীয় জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় এই বিস্ফোরণগুলো সংঘটিত হয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে শিল্পাঞ্চলের আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ আমিরাতি কর্মকর্তাদের বরাতে জানায় যে খুব অল্প সময়ের ব্যবধানে পরপর সাতটি বিস্ফোরণ ঘটে।
তবে বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখন পর্যন্ত দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের উচ্চপর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। মেহর নিউজের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে বিস্ফোরণস্থলের ভিডিও ধারণ করার অভিযোগে ইতোমধ্যে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
এদিকে ইরাকের কিছু সংবাদমাধ্যম দাবি করেছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। তবে এই দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। আমিরাতের মূলধারার সংবাদমাধ্যমগুলোও এই হামলার আশঙ্কার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
নাসার তাপীয় উপগ্রহ চিত্রে দেখা গেছে জেবেল আলি বন্দরের নিকটবর্তী একটি গুদাম এলাকায় অগ্নিকাণ্ডের চিহ্ন রয়েছে। ওই গুদামটি জ্বালানি তেল সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো বলে উল্লেখ করা হয়েছে।
এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আবাসিক এলাকার কাছাকাছি এলাকায় এই ঘন ধোঁয়া আতঙ্ক ছড়িয়েছে। মধ্যপ্রাচ্যে বিরাজমান ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত বর্তমানে উচ্চ সতর্কতায় রয়েছে।
এস এম/ ৫ আগস্ট ২০২৬









