বাংলাদেশকে কখনও ক্লায়েন্ট স্টেট হতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৫ আগস্ট – পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২০২৪ সালের জুলাই আগস্টের গণআন্দোলনে শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে বাংলাদেশ ফার্স্ট এবং দেশকে কখনোই ক্লায়েন্ট স্টেট হতে দেওয়া হবে না।
বুধবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে। আন্দোলনের সময় ইন্টারনেট বিচ্ছিন্ন রাখা ও সাধারণ মানুষের ওপর দমন পীড়নকে তিনি স্বাধীনতার পর অন্যতম নৃশংস অধ্যায় হিসেবে অভিহিত করেন।
তিনি আরও উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও সরকারের স্থিতিশীলতা বজায় রাখা ছিল বড় চ্যালেঞ্জ। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক উত্তরণ সফল হয়েছে বলে তিনি জানান। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরাও নির্বাচনকে গ্রহণযোগ্য হিসেবে মূল্যায়ন করেছেন এবং বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হচ্ছে জানিয়ে তিনি বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের সাফল্যকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বড় জয় হিসেবে বর্ণনা করেন। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে তিনি পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদের নিষ্ঠা ও মেধার সাথে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মু. নজরুল ইসলাম ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএন/ ৫ আগস্ট ২০২৬









