জাতীয়

ঢামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

অ্যাম্বুলেন্স ধর্মঘট

ঢাকা,২৮ অক্টোবর-ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি।

বুধবার সন্ধ্যায় সমিতির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে আলোচনা হয়। আলোচনার পরপরই সাত দিনের জন্য ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

হাসপাতালের পরিচালক জানান, আগামী সাত দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

তিনি বলেন, এই হাসপাতাল রোগীদের চিকিৎসার কেন্দ্র। কোনো কারণে এখানে সেবা ব্যাহত হলে তা মেনে নেওয়া হবে না।

এর আগে অ্যাম্বুলেন্স ধর্মঘটের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া এবং গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে বিপাকে পড়েন অনেকে। বাধ্য হয়ে কেউ কেউ সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানে করে মরদেহ নিয়ে যান।

বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর এর আগে জানিয়েছিলেন, ঢাকা মেডিকেলে প্রায় চার হাজার রোগীর সেবায় তাঁদের ১২০ থেকে ১৩০টি অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকে। কিন্তু নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা না থাকায় রাস্তায় গাড়ি রাখলে পুলিশ মামলা দেয় এবং গাড়ি ডাম্পিংয়ে পাঠায়।

তিনি বলেন, হাসপাতালের পুরোনো ভবনের পাশে একটি জায়গা তাঁরা নিজেদের খরচে সংস্কার করেছিলেন। পরে সেখান থেকেও অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়। সরকারকে রাজস্ব দিতে তাঁরা রাজি আছেন। তবে অ্যাম্বুলেন্স রাখার জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা চান তাঁরা।

এস এম/ ২৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language