জাতীয়

গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে গোলাম পরওয়ারকে কটাক্ষ রাশেদ খানের

রাশেদ খান

ঢাকা,২৮ অক্টোবর-জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বৈঠক নিয়ে প্রকাশিত খবরের প্রতিবাদে দলটির দেওয়া বিবৃতি এবং গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ ঘটনায় গোলাম পরওয়ারকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছে।’

বুধবার নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, জামায়াতের বিবৃতির ভাষা কি প্রমাণ করে না যে মিয়া গোলাম পরওয়ার গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন? বিবৃতিতে কোথাও বৈঠক হওয়ার বিষয়টি অস্বীকার করা হয়নি। এমনকি বিবৃতিতে ভারত শব্দটিও উল্লেখ করা হয়নি। কেন এমন করা হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

রাশেদ খান লেখেন, মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন। জামায়াত তাঁকে রক্ষা করতে গেলে পুরো দলকেই এর দায় নিতে হবে। তিনি আরও লেখেন, এখন থেকে জামায়াতের নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিলে জনগণ এর জবাবে ‘মুনাফেক, মুনাফেক’ বলবে।

ফেসবুক পোস্টে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক নিয়ে গোলাম পরওয়ারের বক্তব্য দেওয়ার ধরন নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান।

পোস্টে তিনি লেখেন, গতকাল নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, সাংবাদিক যখন মিয়া গোলাম পরওয়ারের কাছে প্রশ্ন করতে চেয়েছিলেন, তখন তিনি বা তাঁর পাশ থেকে কেউ একজন বলেছিলেন, ‘না, আজকে অন্য প্রশ্ন না।’ এরপর তিনি তাড়াহুড়ো করে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকসংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে অন্য প্রশ্নের উত্তর দিতে চলে যান। রাশেদ খান প্রশ্ন করেন, সেদিন যদি তিনি অন্য প্রশ্নের উত্তর না-ই দিতেন, তাহলে প্রথম প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে দ্বিতীয় প্রশ্নের যথাযথ উত্তর দিলেন কেন?

তিনি আরও লেখেন, এর মূল কারণ হলো, প্রথম প্রশ্নের সময় তিনি ইতস্তত বোধ করছিলেন। তাঁর ভাষায়, টুপি মাথায় দিয়ে আর কত মিথ্যা বলা যায়, সেই বিষয়টি নিয়ে তিনি দ্বিধায় ছিলেন। রাশেদ খান আরও প্রশ্ন তোলেন, জামায়াত যে ইসলামের কথা বলে, তাদের ইসলাম কি টুপি মাথায় দিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো?

এর আগে মঙ্গলবার মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর বৈঠকসংক্রান্ত খবরের প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি এসব খবরকে জামায়াতে ইসলামীর সুনাম ক্ষুণ্ন করার ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা বলে উল্লেখ করেন এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয়।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের ওই বিবৃতিতে অভিযোগের সত্যতা প্রমাণের আহ্বান জানান। তিনি বলেন, সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা। অসত্য তথ্য দিয়ে গোলাম পরওয়ারকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার এবং কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ার আহ্বান জানায় জামায়াতে ইসলামী।

এস এম/ ২৮ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language