রাজবাড়ী

বৈরী আবহাওয়ায় বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী, ২৬ মে – ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দীর্ঘ ৪০ মিনিট বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে শুরু হওয়া প্রবল ঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এতে নৌপথে যাতায়াতকারী ঈদযাত্রীরা বৃষ্টির কারণে দুর্ভোগের মুখে পড়েন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি অনুকূলে আসায় দুপুর ১২টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান,

বৈরী আবহাওয়ার কারণে নৌপথে ঝুঁকি তৈরি হওয়ায় সাময়িকভাবে সব ধরনের ফেরি চলাচল স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুনরায় নিয়মিতভাবে যানবাহন ও যাত্রী পারাপার শুরু হয়েছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মোট ১৮টি ফেরি সচল রয়েছে।

ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো ক্রমান্বয়ে পার হতে শুরু করেছে। এতে দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এস এম/ ২৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language