দৌলতদিয়া ফেরিঘাটে পশুবাহী ট্রাকের চাপ বৃদ্ধি, পারাপারে অগ্রাধিকার

রাজবাড়ী, ২২ মে – আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলো থেকে রাজধানী ঢাকামুখী পশুবাহী ট্রাকের ভিড় বাড়তে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। বিআইডব্লিউটিসি এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এই ঘাট দিয়ে ৪২৩টি পশুবাহী ট্রাক পদ্মা নদী পার হয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঈদ যাত্রা ও পশুবাহী ট্রাক পারাপার নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে পশুবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে পার করা হচ্ছে।
ঘাটে পর্যাপ্ত সংখ্যক ফেরি সচল থাকায় যানবাহনকে সিরিয়ালে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে না। ফেরি লোড হতে যেটুকু সময় লাগছে সেটুকুই কেবল অপেক্ষা।
গত ২৪ ঘণ্টায় এ ঘাট দিয়ে সর্বমোট দুই হাজার ১৩৫টি যানবাহন পারাপার হয়েছে, যার বড় একটি অংশ কোরবানির পশু বহনকারী ট্রাক। ঈদের সময় যত ঘনিয়ে আসবে, পশুবাহী ট্রাকের চাপ আরও বাড়বে বলে কর্তৃপক্ষ ধারণা করছে।
পশুবাহী ট্রাকের যাতায়াত নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানান, পশুবাহী কোনো ট্রাক যেন সড়কে অহেতুক বাধা বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে এবং কোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এম/ ২২ মে ২০২৬









