রাজবাড়ী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭ ফেরি ও ২০ লঞ্চ চলাচলের সিদ্ধান্ত

রাজবাড়ী, ১৯ মে – আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এই তথ্য জানানো হয়।

সভায় ঈদ উপলক্ষে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয় যে, বিগত ঈদুল ফিতরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে।

জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, বিআইডব্লিউটিসি ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করবে। বিশেষ করে ফেরিঘাটের পন্টুন এলাকায় কোনো ধরনের ব্যাটারিচালিত ইজিবাইক বা অটোরিকশা প্রবেশ করতে পারবে না। পশুবাহী ট্রাকগুলো যেন সরাসরি ফেরিতে উঠতে পারে সে জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় দৌলতদিয়া প্রান্তে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাসসুল হক জানান, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপত্তা দিতে কয়েক স্তরের বিশেষ ব্যবস্থা থাকবে।

সাদা পোশাকের পুলিশ ও ডিবির পাশাপাশি হাইওয়ে ও নৌপুলিশও একযোগে কাজ করবে। জেলা প্রশাসক আফরোজা পারভীন দুর্ঘটনা রোধে কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language