রাজবাড়ী

দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাকের ভিড়, চাঁদাবাজি রুখতে কঠোর অবস্থানে পুলিশ

রাজবাড়ী, ২১ মে – আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে পশুবাহী যানবাহনের চাপ ব্যাপকভাবে বেড়েছে। গত কয়েক দিন ধরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে পশুবাহী ট্রাক ও বিভিন্ন যানবাহন এই রুট ব্যবহার করে ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকায় পশুবাহী ট্রাকের বিশেষ ব্যস্ততা লক্ষ্য করা গেছে। ঘাটে পশুবাহী ট্রাকে যে কোনো ধরনের চাঁদাবাজি ঠেকাতে রাজবাড়ী জেলা পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গরু ব্যবসায়ী ও ট্রাকচালকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে খামারিরা পশু নিয়ে রাজধানীর হাটে ছুটছেন। যানজট ও ঝামেলা এড়াতে ব্যবসায়ীরা দালাল ছাড়াই সরাসরি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ফেরি পার হচ্ছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। পশুবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত পারাপার করা হচ্ছে। বর্তমানে দৌলতদিয়ার তিনটি ফেরিঘাট সচল থাকলেও যাত্রী ও পশুবাহী যানের সুবিধার্থে ৫ নম্বর ঘাটটি নতুন করে নির্মাণ করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ জানিয়েছেন, কোরবানির পশুবাহী কোনো ট্রাক পথে অন্যায়ভাবে আটকানো যাবে না। ঘাট এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই রোধে গোয়েন্দা পুলিশ ও মোবাইল টিমের টহল জোরদার করা হয়েছে। ফেরিগুলোতেও সাদা পোশাকে নৌ পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

এস এম/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language