পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে সরকার তৎপর: প্রতিমন্ত্রী

ঢাকা, ২৬ মে – রাজধানীর পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার দুপুরে রাজধানীর গাবতলী গবাদি পশুর হাট পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান যে,
পূর্ববর্তী নির্দেশনার আলোকে হাট ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নতি হয়েছে। হাটে পশুর মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে হাসিল নির্ধারণ এবং প্রতিটি লেনদেনের জন্য রশিদ নিশ্চিত করার বিষয়টি কঠোরভাবে তদারকি করা হচ্ছে। অর্থ লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে মানি রশিদ ও টাকার রশিদের বিষয়টিও পর্যবেক্ষণে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এছাড়া বৃষ্টির কারণে হাটে পানি জমলে বা কাদা সৃষ্টি হলে তা দ্রুত নিরসনে সিটি কর্পোরেশনের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে ইট, বালু ও সুরকি দিয়ে চলাচলের পথ সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে। হাটের সামগ্রিক নিরাপত্তা রক্ষায় র্যাব, পুলিশ ও সিটি কর্পোরেশন সম্মিলিতভাবে কাজ করছে।
সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের যেকোনো সমস্যায় হাট কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। এই পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৬ মে ২০২৬









