ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলামকে ডিবি থেকে বদলি

ঢাকা, ২৫ মে – ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে গোয়েন্দা দক্ষিণ ও প্রশাসন বিভাগ থেকে সরিয়ে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়। জনস্বার্থে নেওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রভাবশালী নেতাদের গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাসিরুল ইসলাম সক্রিয় ভূমিকা পালন করেন। বিশেষ করে পুলিশ বাহিনীর পুনর্গঠনে তার অবদান উল্লেখযোগ্য ছিল।
দায়িত্ব পালনকালীন সময়ে বঙ্গভবনের এক কর্মকর্তাকে গ্রেপ্তার এবং নির্বাচন কেন্দ্রিক নানা তৎপরতা নিয়ে দাপ্তরিক মহলে বেশ আলোচনা তৈরি হয়েছিল। এছাড়া ডিবির অধীনে থাকাকালীন তিনি বেশ কিছু চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন করে প্রশংসা কুড়িয়েছেন।
এমন একজন দক্ষ কর্মকর্তার আকস্মিক বদলি ডিবির তদন্ত কার্যক্রমে কোনো সাময়িক ধীরগতি তৈরি করে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এনএন/ ২৫ মে ২০২৬









