জাতীয়

বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পেলেন লাল গালিচা সংবর্ধনা

ঢাকা, ২৪ জুন – চীনের দালিয়ান থেকে হাই স্পিড বুলেট ট্রেনে চড়ে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছালে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। সেখান থেকে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁদের বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়।

সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা এই গেস্ট হাউসেই অবস্থান করবেন। এর আগে বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে বুলেট ট্রেনযোগে বেইজিংয়ের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

এছাড়াও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

বেইজিং অভিমুখে যাত্রার আগে সকালে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত গ্রীষ্মকালীন দাভোস এর বার্ষিক সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত সোমবার দুইদিনের মালয়েশিয়া সফর শেষ করে তিনি দালিয়ানে পৌঁছেছিলেন। উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language