জাতীয়

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, এনসিপির বিক্ষোভের ডাক

ঢাকা, ২২ মে – ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলার প্রতিবাদে আজ শুক্রবার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি।

এনসিপির মিডিয়া টিমের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলটির অভিযোগ, বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই পরিকল্পিত হামলা চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে আসেন। আলাপ চলাকালেই হঠাৎ পেছন থেকে একদল যুবক তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করে।

এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হলে এনসিপির অন্তত ছয়জন কর্মী আহত হন। পরে দলটির স্থানীয় নেতা কর্মীরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের অনুসারীরা এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন। তারা ডিম নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। হামলায় তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করার পাশাপাশি আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

অন্যদিকে, ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিভিন্ন জেলায় গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। ঝিনাইদহে তার সফরের খবর শুনে তিনি কেবল এ বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। সে সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেছে।

মারামারি বা ডিম নিক্ষেপের সঙ্গে তাদের সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে তিনি দাবি করেন।

এনএন/ ২২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language