পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার

কলকাতা, ২১ মে – পশ্চিমবঙ্গের প্রতিটি মাদ্রাসায় ক্লাস শুরুর আগে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশে ‘বন্দে মাতরম’ গানটি গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার ১৯ মে ২০২৬ তারিখে রাজ্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক বিশেষ নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে।
নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে,
এখন থেকে সব ধরনের মাদ্রাসায় প্রতিদিনের অ্যাসেম্বলির সময় বাধ্যতামূলকভাবে এই বন্দনাগীতি গাইতে হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার প্রাত্যহিক সমাবেশের পূর্ববর্তী সব নিয়ম বা প্রথা বাতিল করে এই নতুন নিয়ম চালু করা হলো।
সরকারি সূত্র অনুযায়ী,
উচ্চপর্যায়ের প্রশাসনিক অনুমোদন এবং যথাযথ কর্তৃপক্ষের সম্মতি পাওয়ার পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, সরকারি মডেল মাদ্রাসা, সরকার অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে ও এসএসকে এবং সরকার স্বীকৃত বেসরকারি মাদ্রাসাগুলোতে এই নিয়ম কার্যকর হবে।
উল্লেখ্য যে,
‘বন্দে মাতরম’ গানটির রচয়িতা প্রখ্যাত বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি তার বিখ্যাত ‘আনন্দমঠ’ উপন্যাসে এই গানটি অন্তর্ভুক্ত করেছিলেন।
ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের সময় গানটি মুক্তিকামীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় সরকার এই গানটিকে জাতীয় সংগীত ‘জন গণ মন’ এর সমমর্যাদা প্রদান করে।
এস এম/ ২১ মে ২০২৬









