কোয়েল মল্লিকের পদত্যাগ: তৃণমূল কংগ্রেসে বড়সড় ধাক্কা

কলকাতা, ১৬ জুলাই – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙন প্রক্রিয়া আরও ঘনীভূত হয়েছে। দলটির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ অভিনেত্রী ও রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক পদত্যাগ করেছেন।
ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের কাছে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। এই সময় কোয়েলের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্বামী ও প্রযোজক নিশপাল সিং।
পদত্যাগের পর তিনি দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র কুমার যাদবের বাসভবনে সাক্ষাৎ করায় রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছে, তিনি খুব শীঘ্রই ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন।
এর আগে জুন মাসেই ইমেইলের মাধ্যমে তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ৬ এপ্রিল তিনি সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। সম্প্রতি এক রাজনৈতিক কর্মসূচিতে কোয়েল মল্লিক ও তার বাবা অভিনেতা রঞ্জিত মল্লিককে লক্ষ্য করে আপত্তিকর স্লোগান ওঠার ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন।
কোয়েলের এই প্রস্থানের ফলে বর্তমানে রাজ্যসভায় তৃণমূলের সদস্য সংখ্যা ১৩ থেকে কমে ৯ জনে দাঁড়িয়েছে।
এনএন/ ১৬ জুলাই ২০২৬







