উত্তর আমেরিকা

১৯৯৬ সালের বিমান ভূপাতিত করার ঘটনায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

ওয়াশিংটন, ২১ মে – ১৯৯৬ সালে ফ্লোরিডা ও কিউবার মধ্যবর্তী আকাশসীমায় দুটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। সাবেক এই কমিউনিস্ট নেতার বিরুদ্ধে মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্রসহ একাধিক অপরাধের অভিযোগ আনা হয়েছে।

বুধবার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ মিয়ামির ফ্রিডম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মামলা প্রকাশের ঘোষণা দেন।

এটি মূলত ২০০৩ সালের একটি মামলার পুনঃপ্রক্রিয়াকরণ। মামলার বিবরণ অনুযায়ী, কিউবান আমেরিকান সংগঠন ব্রাদার্স টু দ্য রেসকিউ এর দুটি বিমান গুলি করে ভূপাতিত করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে রাউল কাস্ত্রো ও আরও পাঁচজনের বিরুদ্ধে।

ওই ঘটনায় তিন মার্কিন নাগরিকসহ চারজন নিহত হন। নিহতরা হলেন আরমান্ডো আলেজান্দ্রে জুনিয়র, কার্লোস আলবার্তো কোস্টা, মারিও ম্যানুয়েল দে লা পেনা এবং পাবলো মোরালেস। ঘটনার সময় ৯৪ বছর বয়সী রাউল কাস্ত্রো কিউবার সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন।

মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনি ভিত্তিহীন বলে দাবি করেছেন কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। তিনি অভিযোগ করেন, কিউবার বিরুদ্ধে সামরিক আগ্রাসনের অজুহাত তৈরি করতে যুক্তরাষ্ট্র এই মামলাকে ব্যবহার করছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য সামরিক বাহিনী নিয়ন্ত্রিত কোম্পানি গায়েসাকে দায়ী করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মামলার প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, কিউবান আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।

বিশ্লেষকদের মতে, কিউবার ওপর সংস্কারের চাপ বাড়াতে এই মামলাকে কৌশল হিসেবে ব্যবহার করছে ওয়াশিংটন।

এনএন/ ২১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language