এডিটিং ছাড়াই দ্রুত ছবি শেয়ারে ইনস্টাগ্রামের নতুন অ্যাপ ‘ইনস্ট্যান্টস’

ঢাকা, ১৯ মে – ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন চমক হিসেবে আসছে ‘ইনস্ট্যান্টস’ নামের একটি অ্যাপ। এই ফিচারের মাধ্যমে কোনো ধরনের এডিটিং বা ফিল্টার ব্যবহার ছাড়াই দ্রুত ছবি তুলে শেয়ার করা যাবে। বিশেষত্ব হলো, প্রাপক ছবিটি দেখার পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপটি বর্তমানে আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে আলাদা অ্যাপ হিসেবেও ব্যবহারের সুযোগ রয়েছে। এই ফিচারের মূল উদ্দেশ্য হলো কোনো কৃত্রিমতা ছাড়াই তাৎক্ষণিকভাবে ছবি শেয়ার করা।
বন্ধুদের পাঠানো ছবিগুলো এক বছর পর্যন্ত আর্কাইভে জমা থাকবে যা পরে রিক্যাপ হিসেবে স্টোরিতে শেয়ার করার সুবিধা পাওয়া যাবে। ব্যবহারকারীরা মূল অ্যাপের ডাইরেক্ট মেসেজ ইনবক্সের নিচের আইকন থেকে এই ফিচার ব্যবহার করতে পারবেন।
তবে এখানে গ্যালারি থেকে ছবি আপলোড বা এডিট করার সুযোগ নেই, কেবল ছবি তোলার পর ক্যাপশন যোগ করা যাবে। সুরক্ষার দিক বিবেচনায় এতে অভিভাবকীয় নিয়ন্ত্রণ বা প্যারেন্টাল কন্ট্রোল যুক্ত করা হয়েছে। টিনএজারদের জন্য স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং বন্ধ রাখার মতো নিরাপত্তামূলক ব্যবস্থা এতে কার্যকর থাকবে।
এছাড়া রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই অ্যাপের ব্যবহার সীমিত থাকবে। স্ন্যাপচ্যাট বা বিরিয়ালের মতো প্ল্যাটফর্মগুলোর সাথে প্রতিযোগিতার লক্ষে ইনস্টাগ্রাম নিয়মিত এমন নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালায়। বর্তমানে নির্দিষ্ট কিছু দেশে এই ফিচারের পরীক্ষামূলক কার্যক্রম চলছে।
এস এম/ ১৯ মে ২০২৬









