মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের শীর্ষ নেতা মিনুকি নিহত

বাগদাদ, ১৬ মে – যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর এক যৌথ অভিযানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বৈশ্বিক দ্বিতীয় শীর্ষ নেতা আবু বিলাল আল মিনুকি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান যে আফ্রিকায় পরিচালিত একটি অত্যন্ত জটিল ও সফল অভিযানে এই দুর্ধর্ষ জঙ্গি নেতাকে নির্মূল করা সম্ভব হয়েছে। তিনি আবু বিলাল আল মিনুকিকে বিশ্বের অন্যতম সক্রিয় এবং ভয়ংকর সন্ত্রাসী হিসেবে অভিহিত করেন। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন যে মিনুকি দীর্ঘদিন ধরে আফ্রিকায় আত্মগোপনে ছিলেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অনেক দিন ধরে তার গতিবিধি ও কর্মকাণ্ডের ওপর তীক্ষ্ণ নজরদারি চালিয়ে আসছিল। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার বিশেষ বাহিনী এই যৌথ অভিযান পরিচালনা করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী মিনুকি নাইজেরিয়ার বর্নো অঞ্চলের বাসিন্দা ছিলেন।

তিনি ইসলামিক স্টেটের পশ্চিম আফ্রিকা শাখা আইএসডব্লিউএপি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৩ সালে মার্কিন প্রশাসন তাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে এবং তার বিরুদ্ধে পশ্চিমাবিশ্বের স্বার্থবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ আনা হয়।

সম্প্রতি নাইজেরিয়ায় জঙ্গি তৎপরতা দমনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে সেখানে মার্কিন সেনা উপদেষ্টা এবং উন্নত ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই সফল অভিযান আফ্রিকায় আইএসের নেটওয়ার্কের জন্য এক বিশাল বিপর্যয়। তবে ওই অঞ্চলে জঙ্গিগোষ্ঠীগুলোর সামগ্রিক তৎপরতা পুরোপুরি বন্ধ করতে আরও দীর্ঘমেয়াদী প্রচেষ্টার প্রয়োজন হতে পারে বলে তারা মনে করছেন।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language