দক্ষিণ এশিয়া

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক

কাঠমান্ডু, ২৭ আগস্ট – নেপালে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। তিব্বত অঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হানার মাত্র তিন মিনিটের মাথায় নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধস শুরু হয়। এই প্রলয়ঙ্কারি দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১৫৭ জনের প্রাণহানি ঘটেছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০৩ জন। নিখোঁজদের মধ্যে একটি বড় অংশই বিদেশি পর্যটক।

বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এই আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ঠিক কী কারণে হঠাৎ এমন দুর্যোগের সৃষ্টি হলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে সংঘটিত হয়। এর মাত্র ৩ মিনিটের মাথায় অর্থাৎ ৮টা ৪০ মিনিটে আকস্মিক বন্যা শুরু হয়। তবে এই বিষয়টি বিস্তারিত যাচাই করে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুসারে, বুধবার রাত পর্যন্ত বন্যাকবলিত এলাকাগুলো থেকে ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ানে ৩৩ জন, গোর্খায় ১৯ জন, ধাদিংয়ে ১৮ জন এবং নুয়াকোট ও নওয়ালপুরে ১১ জন করে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তানাহুঁ ও রসুয়া জেলা থেকেও বেশ কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি পর্যটক এবং ৬১ জন নেপালি নাগরিক। নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে ভারতের ১৩৩ জন, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। ধারণা করা হচ্ছে যে অন্তত ২৬টি দেশের পর্যটক এই দুর্যোগে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের বেশির ভাগই ভারত ও নেপালের সীমান্তবর্তী মানস সরোবরের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।

দুর্যোগের প্রভাবে নেপালের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় ৪৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় সরবরাহ ব্যাহত হচ্ছে।

বর্তমানে নেপাল সেনাবাহিনী হেলিকপ্টার ও বিশেষ উদ্ধারকারী দল নিয়ে উপদ্রুত এলাকায় অভিযান চালাচ্ছে। এদিকে চীনের তিব্বত অঞ্চলেও এই বন্যায় তিনজন নিহত এবং অন্তত ২৬৫ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক অভিযানের নির্দেশ দিয়েছেন।

এনএন/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language