জাতীয়

নেপালে দুর্যোগ: উদ্ধার ও ত্রাণ সহায়তায় ঢাকার পূর্ণ প্রস্তুতির ঘোষণা

ঢাকা, ২৭ আগস্ট – নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলায় কাঠমান্ডুকে সম্ভাব্য সব ধরনের ত্রাণ ও উদ্ধার সহায়তা প্রদানের প্রস্তুতির কথা জানিয়েছে ঢাকা।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে নেপালে প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। বন্যায় শত শত মানুষ নিখোঁজ হওয়ার পাশাপাশি পর্যটকসহ আরও অনেকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার ও এ দেশের জনগণ এই কঠিন সময়ে নেপাল সরকার এবং দেশটির বন্ধুত্বপূর্ণ নাগরিকদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সেই সঙ্গে নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে প্রতিবেশী দেশ হিসেবে নেপালের এই সংকটে ত্রাণ ও উদ্ধার তৎপরতায় যেকোনো ধরনের প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।

এনএন/ ২৭ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language