চট্টগ্রাম

চট্টগ্রাম এনসিপিতে বড় ধস! কমিটি ঘোষণার পরদিনেই ২২ নেতার একযোগে পদত্যাগ

চট্টগ্রাম, ১৫ মে – ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পার হতে না হতেই বড় ধরণের বিদ্রোহের মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটি। ১৬৮ সদস্যের বিশাল কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবসহ গুরুত্বপূর্ণ ২২ জন নেতা। নতুন কমিটিতে ‘অযোগ্য’, ‘বিতর্কিত’ এবং ‘নারী কেলেঙ্কারিতে জড়িত’ ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগে এই গণপদত্যাগ করেছেন তারা।

শুক্রবার (১৫ মে) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ রীতিমতো বিস্ফোরক। তাদের দাবি, নবঘোষিত কমিটিতে রাজপথের ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে পদ দেওয়া হয়েছে।

পদত্যাগকারী নেতাদের পক্ষ থেকে বর্তমান কমিটির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে যেসব গুরুতর অভিযোগ আনা হয়েছে:

  • পদ বাণিজ্য: নির্দিষ্ট অর্থের বিনিময়ে রাজনীতি না করা লোকদেরও পদে বসানো হয়েছে।
  • অনৈতিক কর্মকাণ্ড: নারী কেলেঙ্কারি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
  • মামলা বাণিজ্য: মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগ তোলা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে।
  • স্বজনপ্রীতি: একই পরিবারের একাধিক ব্যক্তিকে কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ উঠেছে।

সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করা হুজ্জাতুল ইসলাম সাঈদ গণমাধ্যমকে বলেন, “আদর্শ ও নৈতিকতার টানে আমরা এনসিপিতে এসেছিলাম। কিন্তু সাজাপ্রাপ্ত আসামি এবং বিতর্কিত ব্যক্তিদের যখন কমিটিতে জায়গা দেওয়া হয়, তখন সেখানে থাকা আমাদের জন্য লজ্জার। যারা রাজপথে লড়াই করেছে, তাদের কোনো মূল্যায়নই হয়নি।”

পদত্যাগকারী নেতারা কেন্দ্রীয় কমিটির কাছে তাদের অভিযোগ জমা দিয়েছেন। কেন্দ্র থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার এই কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

২২ সদস্যের এই তালিকায় রয়েছেন সৈয়দ এহছানুল হক, কামরুল কায়েস (যুগ্ম আহ্বায়ক), মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম (যুগ্ম সদস্য সচিব), রকিবুল ইসলাম (সিনিয়র সাংগঠনিক সম্পাদক), হুজ্জাতুল ইসলাম সাঈদ (সহ-সাংগঠনিক সম্পাদক) এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজসহ আরও অনেকে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়েবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্য সচিব করে ১৬৮ সদস্যের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল এনসিপি। সেই ঘোষণার পরদিন থেকেই শুরু হয় এই রাজনৈতিক অস্থিরতা।

এনএন/ ১৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language