জাতীয়

শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে মন্ত্রীর কড়া নির্দেশ: ২১ মের মধ্যেই মেটাতে হবে সব পাওনা

ঢাকা, ১৪ মে – ঈদুল আজহার ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় আর বকেয়া বেতনের দাবিতে রাজপথের আন্দোলন—এই চিরচেনা দৃশ্যপট পাল্টে দিতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ২১ মের মধ্যে দেশের সব কারখানার শ্রমিকদের বোনাস ও চলতি মাসের বেতন পরিশোধ করতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মালিক-শ্রমিক প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ সভায় মন্ত্রী এই নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, শ্রমিকরা যাতে উৎসবের কেনাকাটা সেরে সময়মতো এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সেজন্যই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সঠিক সময়ে পাওনা পরিশোধ করা হলে কোনো ধরনের শিল্প অসন্তোষ বা আন্দোলনের সুযোগ থাকবে না বলে তিনি বিশ্বাস করেন।

সড়ক ও মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ এবং অসহনীয় যানজট কমাতে এক বিশেষ কৌশলের কথা জানিয়েছেন মন্ত্রী। সব কারখানা একযোগে ছুটি না দিয়ে মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতার ভিত্তিতে ধাপে ধাপে বা এরিয়াভিত্তিক ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেতন-বোনাস নিয়ে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, সেজন্য স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ এবং শিল্প পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, যেসব কারখানা এখনো আগের বকেয়া বেতন পরিশোধ করেনি, তাদের বিষয়ে সরকার দ্রুত ও কঠোর হস্তক্ষেপ করবে। শ্রমিকদের ঘাম ঝরানো টাকা নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না।

শ্রম ও কর্মসংস্থান সচিব আব্দুর রহমান তরফদারের সভাপতিত্বে এই সভায় মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান এবং শ্রমিকদের পক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সবাই সরকারের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

এনএন/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language