জাতীয়

মে মাসে ঘূর্ণিঝড় ও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকা, ১৩ মে – চলতি মে মাসের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানান যে মাসের ১৫ তারিখের পর সাগরে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের লক্ষ্যে গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠক শেষে অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান যে মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগে সর্বোচ্চ ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিংহে ৩৪০ থেকে ৩৬০ মিলিমিটার এবং চট্টগ্রামে ৩৩০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী মে মাসে দেশে পাঁচ থেকে আট দিন কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে। এর মধ্যে দুই থেকে তিন দিন তীব্র কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। এছাড়া এই মাসে এক থেকে তিন দফা তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে রূপ নিতে পারে যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। দেশের প্রধান নদ-নদীগুলোর পানিপ্রবাহ মে মাসে স্বাভাবিক থাকতে পারে।

তবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্প সময়ের জন্য পানি বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য যে বিদায়ী এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এপ্রিলের ২৮ তারিখে কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বোচ্চ ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। বৃষ্টির পাশাপাশি এপ্রিল মাসে কয়েক দফা তাপপ্রবাহও দেখা দিয়েছে যেখানে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language