মুখ্যমন্ত্রী হয়েই ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের, প্রশংসায় কমল হাসান

চেন্নাই, ১৩ মে – দক্ষিণী চলচ্চিত্রের মেগাস্টার থেকে রাজনীতির ময়দানে পা রাখা থালাপতি বিজয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক সাহসী পদক্ষেপ নিয়েছেন। শপথ গ্রহণের মাত্র দুই দিনের মাথায় তিনি তামিলনাড়ু জুড়ে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। তার এই সংস্কারমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন কিংবদন্তি অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব কমল হাসান।
বিজয় তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মাদকমুক্ত তামিলনাড়ু গড়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন। নতুন নীতিমালায় স্পষ্ট করা হয়েছে যে কোনো ধর্মীয় উপাসনালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান থাকতে পারবে না। এই নির্দেশের ফলে মূলত মন্দির, মসজিদ, গির্জা ও স্কুল কলেজের আশেপাশে গড়ে ওঠা দোকানগুলো বন্ধ হয়ে যাবে।
এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে কমল হাসান বলেন যে এটি তামিল পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। তিনি উল্লেখ করেন যে সরকারের কাজ মদ বিক্রি করে অর্থ উপার্জন করা নয় বরং সমাজকে সুরক্ষা দেওয়া। তার মতে ৭১৭টি দোকান বন্ধের বিষয়টি কেবল শুরু এবং ভবিষ্যতে এমন আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বর্তমানে তামিলনাড়ুতে সরকারের নিয়ন্ত্রণে প্রায় ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে ২৭৬টি ধর্মীয় উপাসনালয়ের কাছে এবং ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবস্থিত বলে সরকারি তথ্যে জানা গেছে। গত বছর মদ বিক্রি থেকে রাজ্য সরকারের আয় হয়েছিল প্রায় ৪৮ হাজার কোটি টাকা। বিশাল অংকের এই রাজস্ব ঝুঁকি থাকা সত্ত্বেও জনস্বাস্থ্যের কথা ভেবে নেওয়া বিজয়ের এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
এস এম/ ১৩ মে ২০২৬









