আইন-আদালত

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি আজ: নেপথ্যে আরও দুই হত্যা মামলা

ঢাকা, ১২ মে – জুলাই আন্দোলনের সময় হত্যাকাণ্ডের অভিযোগ এবং রায় জালিয়াতির মামলায় কারাবন্দি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এবার আরও দুটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারেস্থ হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা এ বি এম খায়রুল হক গত বছরের ২৪ জুলাই থেকে কারাবন্দি। রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতারের পর জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা দায়ের করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানায় দায়েরকৃত মামলা, প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা ও নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানায় দায়ের করা দুটি আলাদা মামলা।

এর আগে গত মার্চ মাসে হাইকোর্টের একটি বেঞ্চ খায়রুল হককে পাঁচটি মামলায় জামিন দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে গত ২৮ এপ্রিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তা খারিজ করে দেন। ফলে ওই পাঁচ মামলায় তার জামিন বহাল থাকে।

পুরানো পাঁচ মামলায় জামিন বহাল থাকলেও মুক্তি মেলেনি সাবেক এই প্রধান বিচারপতির। কারণ এর মধ্যেই রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানায় জুলাই আন্দোলনের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। নিম্ন আদালতে এসব মামলায় জামিন না পাওয়ায় তিনি পুনরায় হাইকোর্টে আবেদন করেছেন। আজকের শুনানির ওপরই নির্ভর করছে তার কারামুক্তির পরবর্তী ধাপ।

২০১০ সালে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া খায়রুল হক ২০১১ সালে অবসরে যান। পরবর্তী সময়ে তিনি তিন মেয়াদে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত তার রায় দেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, যা নিয়ে বর্তমানে তাকে আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

এনএন/ ১২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language