পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়

কলকাতা, ১১ মে – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধানসভায় বিরোধীদলীয় নেতার নাম ঘোষণা করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত হয়েছেন বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত এই নেতা বালিগঞ্জ কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী শতরূপা চট্টোপাধ্যায়কে ৬১ হাজার ৪৭৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের মাধ্যমে টানা ১০ বার বিধানসভা নির্বাচনে জয়ের এক অনন্য রেকর্ড গড়লেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে এর আগে কোনো প্রার্থীর পক্ষে টানা এতবার বিজয়ী হওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য যে এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজ কেন্দ্র ভবানিপুরে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হওয়ায় এবার আর সরাসরি বিধানসভায় প্রবেশের সুযোগ পাননি।
১৯৪৪ সালে জন্ম নেওয়া শোভনদেব চট্টোপাধ্যায় ছাত্রজীবনে বক্সিং বা মুষ্টিযুদ্ধ অনুশীলন করতেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় কংগ্রেসের মাধ্যমে। সক্রিয় রাজনীতিতে আসার আগে তিনি কলকাতা পৌরসভায় কর্মরত ছিলেন। কংগ্রেসের প্রার্থী হিসেবে নব্বইয়ের দশকে দুইবার নির্বাচন করলেও পরবর্তীতে দলীয় অন্তর্কোন্দলের জেরে তিনি দলত্যাগ করেন।
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকেই তিনি দলটির সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে কলকাতা অটো-রিকশা চালক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন।
তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্যের নজির সর্বজনবিদিত। বিশেষ করে ২০২১ সালের নির্বাচনে ভবানিপুর আসন থেকে জয়ী হওয়ার পরও দলীয় নেত্রীর জন্য তিনি নিজের আসনটি ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে উপনির্বাচনে খড়দহ থেকে জয়ী হয়ে তিনি পুনরায় বিধানসভায় ফিরে আসেন।
এস এম/ ১১ মে ২০২৬









