ইরাককে ৫ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

ওয়াশিংটন, ২৭ জুন – ইরাককে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে নকআউট পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল সেনেগাল। টানা দুই হারের পর এই দাপুটে জয়ে ৩ পয়েন্ট নিয়ে আই গ্রুপের তৃতীয় স্থানে অবস্থান করছে সাদিও মানের দল।
গ্রুপ পর্বের আটটি সেরা তৃতীয় দলের একটি হিসেবে উত্তর আমেরিকা বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা এখন উজ্জ্বল আফ্রিকার এই দলটির জন্য। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায় কারণ উভয় দলের জন্যই এই ম্যাচে জয় ছিল অপরিহার্য।
খেলার চতুর্থ মিনিটে ইদ্রিসা গানার একটি জোরালো শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে কর্নার পায় সেনেগাল। সেই কর্নার থেকে হাবিব দিয়ারার হেড জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় তারা। খেলার ১৩তম মিনিটে বড় ধাক্কা খায় ইরাক।
সেনেগালের তারকা সাদিও মানেকে পেছন থেকে টেনে ধরায় রেবিন সুলাকাকে শুরুতে হলুদ কার্ড দেখালেও ভিএআর এর সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করেন রেফারি। ফাউলের গুরুত্ব বিবেচনা করে তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। ফলে দশ জনের দলে পরিণত হয়ে রক্ষণ সামলাতে হিমশিম খায় ইরাক।
১৯তম মিনিটে আলি আল হামাদিকে ফাউল করায় সেনেগালের ডিফেন্ডার আব্দুল্লাইয়ে সেক হলুদ কার্ড পান। বিরতির পর সেনেগালের আক্রমণাত্মক ফুটবলের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইরাকের রক্ষণভাগ। ৫৪তম মিনিটে ইসমাইলা সারে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
এর মাত্র পাঁচ মিনিট পর বক্সের বাইরে থেকে এক দৃষ্টিনন্দন শটে গোল করেন পেপে। ৭১তম মিনিটে পেপে নিজের দ্বিতীয় গোলটি করলে জয় নিশ্চিত হয়ে যায় সেনেগালের। তবে গোল ব্যবধান আরও বাড়িয়ে নিতে তারা আক্রমণ অব্যাহত রাখে।
৮২তম মিনিটে লিমান এনদিয়ে পঞ্চম গোলটি করলে ইরাকের পরাজয়ের গ্লানি আরও বাড়ে। এই বিশাল জয়ের ফলে সেনেগালের গোল ব্যবধান এখন প্লাস ২। বর্তমানে সেরা তৃতীয় দলের তালিকায় পঞ্চম স্থানে থাকা সেনেগালকে এখন গ্রুপের বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।
এস এম/ ২৭ জুন ২০২৬









