স্কারবরো সাউথওয়েস্টে নেট এরস্কিন স্মিথকে হারিয়ে লিবারেল প্রার্থী আহসানুল হাফিজ
নজরুল মিন্টো

অন্টারিও রাজনীতির সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত মনোনয়ন লড়াইয়ের অবসান ঘটল এক বড় চমকের মধ্য দিয়ে। টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনের আসন্ন প্রাদেশিক উপনির্বাচনে অন্টারিও লিবারেল পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আহসানুল হাফিজ। শনিবার, ৯ মে অনুষ্ঠিত মনোনয়ন ভোটে তিনি পরাজিত করেছেন ফেডারেল এমপি এবং অন্টারিও লিবারেল নেতৃত্বের সম্ভাব্য দাবিদার নেট এরস্কিন স্মিথকে।
এই আসনটি শূন্য হয় ডলি বেগমের পদত্যাগের পর। অন্টারিও এনডিপির সাবেক ডেপুটি লিডার ডলি বেগম প্রাদেশিক রাজনীতি ছেড়ে ফেডারেল লিবারেল প্রার্থী হন এবং ১৩ এপ্রিলের ফেডারেল উপনির্বাচনে স্কারবরো সাউথওয়েস্ট থেকে জয়ী হন। তাঁর পদত্যাগের ফলে প্রাদেশিক আসনটিতে নতুন উপনির্বাচনের পথ খুলে যায়।
শুরু থেকেই এই মনোনয়ন লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন নেট এরস্কিন স্মিথ। বিচেস ইস্ট ইয়র্কের বর্তমান ফেডারেল এমপি হিসেবে তাঁর রাজনৈতিক পরিচিতি, ২০২৩ সালের অন্টারিও লিবারেল নেতৃত্ব দৌড়ে দ্বিতীয় হওয়া এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনা তাঁকে এ লড়াইয়ে হেভিওয়েট প্রার্থী করে তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় সংযোগ, কমিউনিটি ভিত্তি এবং তৃণমূল কর্মীদের সমর্থন আহসানুল হাফিজকে এগিয়ে দেয়।
মনোনয়ন যুদ্ধের শেষ পর্যায়ে আহসানুল হাফিজ ও কাদিরা জ্যাকসনের মধ্যে একটি কৌশলগত সমঝোতার খবরও আলোচনায় আসে। তাঁরা সমর্থকদের র্যাংকড ব্যালটে পরস্পরকে দ্বিতীয় পছন্দ হিসেবে বিবেচনার আহ্বান জানান। রাজনৈতিক মহলে এই সমঝোতাকে এরস্কিন স্মিথের অগ্রযাত্রা ঠেকানোর একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়, এই মনোনয়ন লড়াইয়ে প্রায় ৩,৫৮০ জন সদস্য ভোট দেওয়ার যোগ্য ছিলেন। তবে ১,৮০৬ জন সদস্যের আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়ায় বাতিল হয়ে যায়। এ নিয়ে এরস্কিন-স্মিথের শিবির থেকে অসন্তোষ প্রকাশ করা হয়।
শনিবার বিজয়ী হওয়ার পর এক আবেগঘন বক্তৃতায় আহসানুল হাফিজ বলেন, “আপনাদের কারণেই আমি আজ এখানে। আমি জানি সবাই অনেক চেষ্টা করেছেন এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমি অভিবাসী হিসেবে যে সুযোগ পেয়েছি, তা যেন এই এলাকার সবার জন্য নিশ্চিত করতে পারি, সেটাই আমার লক্ষ্য।”
আহসানুল হাফিজ বর্তমানে ফেডারেল লিবারেল পার্টির ভাইস-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রায় ২৫ বছর আগে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ছাত্র হিসেবে কানাডায় আসেন। দীর্ঘ পরিশ্রম ও সংগ্রামের পথ পেরিয়ে তিনি এখন অন্টারিওর সফল ব্যবসায়ী ও মিডিয়া উদ্যোক্তা। তিনি অন্টারিওজুড়ে প্রায় ৩০টি ডমিনোস পিজ্জা ফ্র্যাঞ্চাইজি পরিচালনার সঙ্গে যুক্ত। তাঁর জয়কে অনেকেই দক্ষিণ এশীয়, বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানদের মূলধারার রাজনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে দেখছেন।
আগামী উপনির্বাচনে লিবারেলদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছে এনডিপি। দলটি ইতিমধ্যে ফাতিমা শাবানকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। শাবান এর আগে ১৩ এপ্রিলের ফেডারেল উপনির্বাচনেও এনডিপির প্রার্থী ছিলেন। পিসি পার্টি এখনো তাদের প্রার্থী চূড়ান্ত করেনি। আইন অনুযায়ী, আগামী ৩ আগস্টের মধ্যে এই আসনের উপনির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে এবং সর্বোচ্চ ৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেট এরস্কিন স্মিথের এই পরাজয় শুধু একটি মনোনয়ন লড়াইয়ের ফল নয়; এটি অন্টারিও লিবারেল পার্টির ভেতরের ক্ষমতার সমীকরণ, নেতৃত্বের ভবিষ্যৎ এবং তৃণমূল রাজনীতির বাস্তব শক্তি সম্পর্কে নতুন বার্তা দিয়েছে। অন্যদিকে আহসানুল হাফিজের জয় দেখিয়ে দিল, রাজনীতিতে পরিচিত মুখ গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় আস্থা, কমিউনিটির সঙ্গে সম্পর্ক এবং মাঠের কর্মীদের সংযোগ অনেক সময় বড় রাজনৈতিক ব্র্যান্ডের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে।
তথ্যসূত্র:
CTV News, ৯ মে ২০২৬
The Globe and Mail, ৯ মে ২০২৬









