মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনিদের জন্য বিশেষ ফাঁসির মঞ্চ তৈরি করছে ইসরায়েল

তেল আবিব, ২২ আগস্ট – ফিলিস্তিনিদের জন্য বিশেষ মৃত্যুদণ্ড আইন পাসের পর এবার দেশটিতে নতুন ফাঁসির মঞ্চ নির্মাণ করছে ইসরায়েল। নতুন এই ফাঁসির মঞ্চে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবারের সদস্যদের জন্য ফাঁসি কার্যকরের দৃশ্য সরাসরি দেখার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। গত মার্চ মাসে পাস হওয়া এই বিতর্কিত আইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে প্রধানত ফিলিস্তিনিদেরই এই আইনের আওতায় এনে মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব হয়।

ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গ্যভির সম্প্রতি একটি ভিডিও বার্তায় এই ফাঁসির মঞ্চ নির্মাণের বিষয়টি প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ভিডিওতে তিনি জানান, নতুন এই বন্দিশালায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের জন্য বিশেষ গ্যালারি বা বুথ থাকবে।

বেন গ্যভির তার রাজনৈতিক দলের অফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দাবি করেন, শুধুমাত্র সন্ত্রাসী অপরাধে অভিযুক্ত ফিলিস্তিনিদেরই এখানে ফাঁসি দেওয়া হবে। একটি গোপন স্থানে নির্মাণাধীন এই প্রকল্প পরিদর্শনের সময় তাকে বেশ গর্বের সাথে স্থাপনাটি দেখাতে দেখা যায়।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের এই প্রভাবশালী মন্ত্রী বলেন, কারাগারে বন্দিদের অবস্থা আরও কঠিন করার এবং সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা বাস্তবায়ন করা হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ফাঁসির মঞ্চটি একটি কারাগারের নিকটবর্তী স্থানে অত্যন্ত গোপনীয়তার সাথে নির্মাণ করা হচ্ছে।

চলতি বছরের মার্চ মাসে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এই মৃত্যুদণ্ড আইনটি পাস হওয়ার পর ইসরায়েল বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো যারা নতুন করে মৃত্যুদণ্ডের পরিধি বাড়াচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচিত এই আইনের মাধ্যমে সামরিক আদালতগুলোকে কেবল ফিলিস্তিনিদের বিরুদ্ধেই মৃত্যুদণ্ড প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে।

বেন গ্যভির তার কট্টর ইহুদি জাতীয়তাবাদী এবং আরব বিরোধী অবস্থানের জন্য দীর্ঘদিন ধরে বিতর্কিত। এক সময় তার আদর্শকে প্রান্তিক মনে করা হলেও বর্তমানে ইসরায়েলের রাজনীতিতে তার ব্যাপক প্রভাব রয়েছে। গত বছর তার উগ্রপন্থী কর্মকাণ্ডের কারণে ফ্রান্স, আয়ারল্যান্ড ও যুক্তরাজ্য তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এ ছাড়া গাজায় বন্দিদের ওপর অমানবিক নির্যাতন এবং গণ অভিবাসনের প্রস্তাব দিয়েও তিনি আন্তর্জাতিক মহলে নিন্দিত হয়েছেন।

এস এম/ ২২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language