মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

ঢাকা, ২২ আগস্ট – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের পৃথক আরেকটি প্রজ্ঞাপনে জহির উদ্দিন স্বপনকে রুলস অব বিজনেস ১৯৯৬ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে উপদেষ্টা পদে থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা বেতন ভাতাদি ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। জহির উদ্দিন স্বপন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল এক অর্থাৎ গৌরনদী ও আগৈলঝাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এস এম/ ২২ আগস্ট ২০২৬









