জাতীয়

ভারত সরকারকে ধর্ম ও বর্ণের ভিত্তিতে বৈষম্য না করার আহ্বান জামায়াত আমিরের

ঢাকা, ১০ মে – জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আন্তর্জাতিক ও দেশীয় রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে তার অবস্থানের কথা ব্যক্ত করেন। জামায়াত আমির জানান, ভারত সরকারকে কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা গোত্রকে লক্ষ্য করে বৈষম্য না করার আহ্বান জানানো হবে।

তিনি উল্লেখ করেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে সেখানে ইসলাম ধর্মকে আলাদাভাবে চিহ্নিত করা সমীচীন নয়। বিশ্বের যেকোনো স্থানে নিরীহ মানুষের ওপর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী সর্বদা মজলুমের পাশে থাকবে। জাপান সফরের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, আট দিনের এই সফরে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধিদের সাথে তার বৈঠক হয়েছে।

সেখানে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নগর অবকাঠামো এবং ভূমিকম্প মোকাবিলা সংক্রান্ত কারিগরি সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এদিকে গাজীপুরের কাপাসিয়ায় সম্প্রতি পাঁচজনকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language