মধ্যপ্রাচ্য

ইরানে হামলার আগে ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল

তেল আবিব, ১০ মে – ইরানে সামরিক অভিযান পরিচালনার লক্ষ্যে ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। একাধিক মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয় যে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার আগে এই ঘাঁটিটি তৈরি করা হয়েছিল। মূলত ইসরায়েলি বিমানবাহিনীকে লজিস্টিক সহায়তা প্রদানের লক্ষ্যেই এটি ব্যবহার করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ওই ঘাঁটিতে ইসরায়েলের স্পেশাল ফোর্সের সদস্যদের পাশাপাশি একটি উদ্ধারকারী দলও অবস্থান করছিল। কোনো কারণে ইসরায়েলি বিমান ভূপাতিত হলে পাইলটদের দ্রুত উদ্ধার করার জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। মার্চের শুরুতে ইরাকি সৈন্যরা মরুভূমির এই গোপন ঘাঁটির সন্ধান পেয়ে সেখানে অগ্রসর হলে ইসরায়েলি বিমানবাহিনী তাদের ওপর হামলা চালায়। এই ঘটনায় একজন ইরাকি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

মরুভূমির এক মেষপালক ওই নির্জন এলাকায় হেলিকপ্টারের আনাগোনা এবং গোলাগুলির শব্দ শুনে বিষয়টি স্থানীয় সেনাদের জানান। তবে ইরাকি সেনাদের উপস্থিতি রুখতে ইসরায়েল সফলভাবে অভিযান পরিচালনা করে। সেই সময় ইরাক সরকার তাদের সৈন্য নিহতের জন্য মার্কিন বাহিনীকে দায়ী করে বলেছিল যে কোনো সমন্বয় ছাড়াই এই হামলা চালানো হয়েছে।

তবে অন্য একটি সূত্র দাবি করেছে যে ঘাঁটি সম্পর্কে ওয়াশিংটন অবগত থাকলেও এই কার্যক্রমে যুক্তরাষ্ট্রের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল না। সামরিক বিশেষজ্ঞদের মতে পশ্চিম ইরাকের বিশাল ও জনমানবহীন মরুভূমি গোপন ঘাঁটি তৈরির জন্য আদর্শ স্থান। জনবসতি কম হওয়ায় সেখানে দীর্ঘ সময় নিজেদের কার্যক্রম আড়াল করে রাখতে সক্ষম হয়েছিল ইসরায়েলি বাহিনী।

এস এম/ ১০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language