উত্তর আমেরিকা

ভেনেজুয়েলা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরাল যুক্তরাষ্ট্র: ট্রাম্প প্রশাসনের বড় সাফল্য

ওয়াশিংটন, ৯ মে – ইরানের সাথে পরমাণু ইস্যুতে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলেও প্রতিবেশী দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে সক্ষম হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনায় ভেনেজুয়েলার একটি পুরোনো গবেষণা রিয়্যাক্টর থেকে ১৩ দশমিক ৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সফলভাবে অপসারণ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়। রাজধানী কারাকাস থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থাপনা থেকে এই তেজস্ক্রিয় পদার্থগুলো সরিয়ে নেওয়া হয়।

ভেনেজুয়েলা সরকারের ভাষ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে ওই এলাকায় মার্কিন সামরিক অভিযানের পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ জরুরি হয়ে পড়েছিল। মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্রান্ডন উইলিয়ামস এই ঘটনাকে মার্কিন কূটনীতির একটি বড় জয় হিসেবে বর্ণনা করেছেন।

ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি জানিয়েছে, অত্যন্ত সংবেদনশীল এই অভিযানে ইউরেনিয়ামগুলো নিরাপদ পথে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এগুলো যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি বিশেষ স্থাপনায় রাখা হয়েছে।

উল্লেখ্য যে, ট্রাম্প প্রশাসন বর্তমানে ইরানের ৪০৮ কেজি ইউরেনিয়াম মজুত নিয়ে চাপে রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী। সেই সংঘাতের জেরে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি হয়েছে, তবে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধের কারণে পরিস্থিতি এখনও জটিল হয়ে আছে।

এস এম/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language