নেত্রকোনা

মাদরাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার তথ্যে মুখ খুলে প্রাণনাশের হুমকিতে চিকিৎসক

নেত্রকোনা, ৮ মে – নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১২ বছরের এক মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে গণমাধ্যমে তথ্য দেওয়ায় গাইনি বিশেষজ্ঞ ডা. সায়মা আক্তারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার দুপুরে মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই চিকিৎসক। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. সায়মা আক্তার জিডিতে উল্লেখ করেন, তিনি উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। গত ৩০ এপ্রিল এক কিশোরী রোগী শারীরিক সমস্যা নিয়ে তার শরণাপন্ন হলে পরীক্ষার পর জানা যায় সে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে ওই শিক্ষার্থী এবং তার মায়ের মাধ্যমে জানা যায় যে, মাদরাসার এক শিক্ষক তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন।

ঘটনাটি জানাজানি হলে বিভিন্ন সংবাদমাধ্যম ডা. সায়মার সাক্ষাৎকার গ্রহণ করে এবং তিনি সেখানে কিশোরীর শারীরিক অবস্থার বর্ণনা দেন। ভুক্তভোগী চিকিৎসকের অভিযোগ, গণমাধ্যমে তার বক্তব্য প্রচারিত হওয়ার পর থেকেই বিভিন্ন ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যা ও গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

চিকিৎসকের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অনবরত হুমকির কারণে তারা বর্তমানে অত্যন্ত উদ্বিগ্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। পুলিশ জানিয়েছে, হুমকি দেওয়া আইডিগুলো শনাক্তের চেষ্টা চললেও অধিকাংশ আইডি ইতোমধ্যেই ডিঅ্যাক্টিভেট বা মুছে ফেলা হয়েছে। ওসি তরিকুল ইসলাম জানান, চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

অন্যদিকে ধর্ষণের এ ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক আমান উল্লাহ সাগরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসসিনা ইসলাম। পুলিশের সাত দিনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। রিমান্ড শেষে আগামী ১০ মে তাকে পুনরায় আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ৮ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language