উদ্বোধনের আগেই টাঙ্গাইলে কোটি টাকার সেতুর সংযোগ সড়কে ফাটল

টাঙ্গাইল, ৮ মে – টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চার কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজার এলাকায় নবনির্মিত এই সেতুর অ্যাপ্রোচ রোডে ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির প্রভাবে এই ফাটলের মাত্রা ক্রমান্বয়ে বাড়ছে বলে জানা গেছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, প্রায় ৭০ মিটার দীর্ঘ এই আরসিসি গার্ডার ব্রিজটি নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলী। সৈদামপুর বাজার থেকে কুরাতলী ভায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২১ সালের ১৩ এপ্রিল। ২০২২ সালের এপ্রিলে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এর সময়সীমা বাড়ানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণের সময় মাটি যথাযথভাবে রোলিং বা কম্প্যাকশন করা হয়নি। দায়সারাভাবে মাটি ফেলে তার ওপর কার্পেটিং করায় বৃষ্টির পানিতে সড়কটি দেবে যাচ্ছে এবং ফাটলের সৃষ্টি হচ্ছে। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় সংযোগ সড়কটি ধসে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার নুর নবী জানান, সেতুর সংযোগ সড়কে ব্লকের কাজ চলমান থাকা অবস্থায় অতিরিক্ত বৃষ্টিপাত শুরু হওয়ায় কাজ ব্যাহত হয়েছে। নতুন মাটিতে কার্পেটিং করার পর ভারী যানবাহন চলাচলের কারণে কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা হবে বলে তিনি আশ্বাস দেন।
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, কাজ চলাকালীন অতিরিক্ত বৃষ্টি ও ভারী যানবাহনের চাপে কিছু জায়গায় মাটি সরে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে। সংযোগ সড়কের কাজের বিল এখনো পরিশোধ করা হয়নি, তাই ত্রুটিগুলো মেরামত করার পরেই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
এস এম/ ৮ মে ২০২৬









