কানাডা

স্কারবোরো সাউথওয়েস্টে বাংলা মিডিয়ার সঙ্গে নেট আর্সকিন স্মিথের মতবিনিময়

টরন্টো, ৭ মে- স্কারবোরো সাউথওয়েস্টে ওন্টারিও লিবারেল পার্টির মনোনয়ন প্রত্যাশী নেট আর্সকিন স্মিথ বুধবার, ৬ মে বিকেল ৫টায় বাংলাদেশি কমিউনিটির গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক প্রেস কনফারেন্সে অংশ নেন। সভায় তিনি স্কারবোরো সাউথওয়েস্টে বাঙালি প্রতিনিধিত্ব, কমিউনিটি বিনিয়োগ, বাংলাদেশি কমিউনিটির জন্য একটি স্থায়ী কমিউনিটি সেন্টার এবং ওন্টারিও লিবারেল পার্টির নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে কথা বলেন।

নেট আর্সকিন স্মিথ বলেন, বাঙালি প্রতিনিধিত্ব তাঁর কাছে গুরুত্বপূর্ণ। তিনি জানান, ভবিষ্যতে যদি তিনি ওন্টারিও লিবারেল পার্টির নেতৃত্বে আসেন, তাহলে পরবর্তী নির্বাচনে তাঁর টিমে একজন বাঙালি প্রার্থী রাখার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন। তাঁর মতে, ওন্টারিওর বহুসাংস্কৃতিক বাস্তবতায় বাঙালি কমিউনিটির অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও দৃশ্যমান হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, টরন্টোতে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি নিজস্ব কমিউনিটি সেন্টার প্রয়োজন, আর সেটি নির্মাণের জন্য স্কারবোরো সবচেয়ে উপযুক্ত জায়গা। তাঁর বক্তব্য, বাংলাদেশি কমিউনিটির মানুষ যাতে সামাজিক, সাংস্কৃতিক ও প্রজন্মগত সংযোগের জন্য একটি স্থায়ী জায়গায় একত্রিত হতে পারেন, সে ধরনের একটি কেন্দ্র গড়ে তোলা এখন সময়ের দাবি। তিনি দাবি করেন, হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি টরন্টোর একটি বড় কমিউনিটি সেন্টারের জন্য অর্থায়ন নিশ্চিত করেছিলেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানেন, কীভাবে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করতে হয়। স্কারবোরো সাউথওয়েস্টের এমপিপি নির্বাচিত হলে তিনি বাংলাদেশি কমিউনিটির জন্যও এমন উদ্যোগ এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান।

প্রেস কনফারেন্সে আর্সকিন স্মিথ প্রিমিয়ার ডগ ফোর্ডের নেতৃত্বাধীন প্রগ্রেসিভ কনজারভেটিভ সরকারের কঠোর সমালোচনা করেন। তাঁর ভাষায়, ডগ ফোর্ডের সরকার ওন্টারিওর জন্য ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে ভোটারদের এমন একজন শক্তিশালী প্রার্থী বেছে নিতে হবে, যিনি ডগ ফোর্ডের বিরুদ্ধে কার্যকরভাবে লড়তে পারবেন এবং ওন্টারিও লিবারেল পার্টিকে জয়ের পথে নিয়ে যেতে পারবেন।

স্কারবোরোতে ওন্টারিও লিবারেল পার্টির ধারাবাহিক পরাজয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দলটি এই অঞ্চলে একাধিক নির্বাচনে পিছিয়ে পড়েছে। তবে তাঁর নিজের নির্বাচনী অভিজ্ঞতা ভিন্ন। তিনি বলেন, তিনি চারটি নির্বাচনে জয়ী হয়েছেন এবং প্রতিবারই তাঁর ভোটের ব্যবধান বেড়েছে। তাঁর দাবি, তিনি জানেন কীভাবে নির্বাচন জিততে হয়। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনিই একমাত্র প্রার্থী, যিনি নির্বাচনে জয়ী হওয়ার বাস্তব অভিজ্ঞতা রাখেন। তিনি আরও বলেন, কমিউনিটিতে দীর্ঘদিনের কাজ, মানুষের সঙ্গে যোগাযোগ এবং মাঠপর্যায়ের পরিচিতির কারণেই তিনি ভবিষ্যতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন।

নেট আর্সকিন স্মিথ তাঁর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তাঁর গভীর সংযোগ রয়েছে। ২০১৭ সালে ঢাকা সফরের সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেছিলেন। পাশাপাশি ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন স্থানে মানবাধিকার ইস্যুতে তাঁর অবস্থান ও ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন।

প্রেস বিজ্ঞপ্তি


Back to top button
🌐 Read in Your Language