উত্তর-পূর্বাঞ্চলের ৭টি নদীর পানি বিপৎসীমার ওপরে, পরিস্থিতির উন্নতির আভাস

নেত্রকোনা, ৭ মে – দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা দেখছে পানি উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে ৬৫ মিলিমিটার এবং জারিয়াজঞ্জাইলে ৪৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার তথ্য মতে, উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৭টি নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জের নলজুর নদীর পানি জগন্নাথপুর পয়েন্টে ৫১ সেন্টিমিটার ওপরে রয়েছে।
নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু ও বাউলাই নদী ১০ সেন্টিমিটার, কলমাকান্দায় সোমেশ্বরী নদী ৩০ সেন্টিমিটার এবং জারিয়াজঞ্জাইলে ভুগাই ও কংশ নদী ৩২ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই জেলায় মগরা নদীর পানি নেত্রকোনা পয়েন্টে ৮৫ সেন্টিমিটার ও আটপাড়া পয়েন্টে ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
অন্যদিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জে কালনি নদী ২৯ সেন্টিমিটার এবং সুতাং রেল ব্রিজ পয়েন্টে সুতাং নদী বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের হাওর অঞ্চলের নদীগুলোতে পানির সমতল বর্তমানে ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে খুব ধীরে হ্রাস পাচ্ছে।
এস এম/ ৭ মে ২০২৬









