দুদকের মামলায় সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে

বগুড়া, ৬ মে – দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে বগুড়ার জেলা ও দায়রা জজ শাহজাহান কবীর এই আদেশ প্রদান করেন। এদিন সাবেক এই পুলিশ কর্মকর্তা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
হামিদুল আলম মিলন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়ার বাসিন্দা। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। দুদক সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ জানুয়ারি সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তার স্ত্রী শাহজাদী আলম লিপিকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে মামলা দায়ের করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, শাহজাদী আলম লিপি দুদকের কাছে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ১৯ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৮৭৮ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন। একই সাথে স্বামীর প্রভাবে ২৬ কোটি ১ লাখ ২৯ হাজার ৯৯৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দুদকের বিশেষ পিপি আনোয়ার হোসেন জানান, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে মিলন তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলেন। অবৈধ উপায়ে অর্জিত সেই অর্থের উৎস আড়াল করতে বিভিন্ন সময় তা স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে।
আদালত সব দিক বিবেচনা করে জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বগুড়ার কোর্ট পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আদালতের আদেশের পর সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে তাৎক্ষণিকভাবে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এস এম/ ৬ মে ২০২৬









