অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারে ৪ কোটি টাকার ইয়াবা! পুলিশের চোখ ফাঁকি দিতে অভিনব কৌশল

চট্টগ্রাম, ৬ মে – জীবন বাঁচাতে যে অ্যাম্বুলেন্স ছোটে রাজপথে, সেই অ্যাম্বুলেন্সকেই মাদক পাচারের ঢাল হিসেবে ব্যবহার করছিল একদল কারবারি। তবে শেষ রক্ষা হয়নি। চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের চৌকস অভিযানে ধরা পড়েছে বিশাল এক ইয়াবার চালান। অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।
মঙ্গলবার (৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার পাথরঘাটা পুলিশ ফাঁড়ির পাশে ব্রিকফিল্ড রোডের একটি কালভার্টের ওপর অবস্থান নেয় পুলিশ। কক্সবাজার থেকে আসা একটি সন্দেহভাজন অ্যাম্বুলেন্সকে (চট্ট মেট্রো-ছ ৭১-১২৬৫) থামানোর সংকেত দেয় তারা। তল্লাশির একপর্যায়ে গাড়ির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তারা হলেন: শহিদুল ইসলাম খান সাগর (২৭) তিনি পেশায় অ্যাম্বুলেন্স চালক। মো. আফসার (৩৩) পাচার চক্রের সদস্য। আটক দুজনেই চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকার বাসিন্দা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, মাদক পাচারকারীরা পুলিশের নজর এড়াতে অ্যাম্বুলেন্সকে নিরাপদ মনে করেছিল। কারণ জরুরি যানবাহন হিসেবে অ্যাম্বুলেন্স সচরাচর তল্লাশির মুখে পড়ে না। তবে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকায় তারা সফলভাবে এই অভিযানটি পরিচালনা করেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অভিযানটি সফলভাবে পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী মনিরুল করিমসহ সঙ্গীয় ফোর্স।
এনএন/ ৬ মে ২০২৬









