যুদ্ধের অবসানে আলোচনায় বসতে প্রস্তুত ইরান, শর্ত দিল তেহরান

তেহরান, ৫ মে – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে তেহরান আলোচনার টেবিলে বসতে আগ্রহী বলে জানিয়েছে ইরান। তবে এ ক্ষেত্রে ওয়াশিংটনকে তেহরান সংশ্লিষ্ট তাদের দাবিগুলো শিথিল করতে হবে বলে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এক টেলিভিশন ব্রিফিংয়ে এই অবস্থানের কথা স্পষ্ট করেন। বাকেই জানান, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য হলো যুদ্ধের সমাপ্তি।
তবে এ জন্য অন্য পক্ষকে যুক্তিসংগত অবস্থান গ্রহণ করতে হবে এবং ইরানের ওপর অন্যায্য দাবি চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে কূটনৈতিক তৎপরতা অনেকটাই স্থবির হয়ে আছে। এখন পর্যন্ত মাত্র এক দফা সরাসরি আলোচনা হয়েছে। উত্তেজনার মূল কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলার পর ইরান এই জলপথে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখছে।
এর ফলে বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সার সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে রেখেছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে পাহারা দেবে। এই ঘোষণার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এর পরিপ্রেক্ষিতে ইরানের সামরিক বাহিনী পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে। বাকেই বলেন, আমেরিকার বোঝা উচিত যে হুমকি বা শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানি জাতির ওপর কিছু চাপিয়ে দেওয়া সম্ভব নয়। ইরান নিজেকে হরমুজ প্রণালির রক্ষক মনে করে।
এই জলপথে অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জবাবদিহি করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। ট্রাম্পের এসকর্ট পরিকল্পনার আগেই বাকেই জানিয়েছিলেন যে, যুদ্ধের অবসানে ইরান ১৪ দফার একটি প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবের জবাব দিয়েছে বলেও জানা গেছে।
এস এম/ ৫ মে ২০২৬









