দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ঢাকা, ২৪ মে – পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে জামায়াতের আমির বলেন, হযরত ইব্রাহিম (আ.), তার স্ত্রী হযরত হাজেরা এবং প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.) এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের মহান আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করাই এই উৎসবের মূল লক্ষ্য।
তিনি আরও উল্লেখ করেন যে সামাজিক বৈষম্য দূরীকরণ এবং শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা আমাদের বড় অনুপ্রেরণা জোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।
দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশ থেকে পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি তাদের প্রভাবমুক্ত হয়নি। ষড়যন্ত্রকারীরা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা নানা চক্রান্ত করছে।
এমতাবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এনএন/ ২৪ মে ২০২৬









